আলবিদা আর্জেন্টিনা। নতুন কাঠামোর ক্লাব বিশ্বকাপে খেলতে আসা আর্জেন্টিনার কোনও ক্লাব নক-আউট স্তরে যেতে পারল না। প্রদীপের শেষ সলতে হয়ে জ্বলতে থাকা রিভার প্লেট গ্রুপের শেষ ম্যাচে হেরে বসেছে ইন্টার মিলানের কাছে। তাও আবার কিনা ২-০ গোলে। প্রথম দুটো ম্যাচ খেলার শেষে রিভার প্লেট ছিল গ্রুপ টেবিলের শীর্ষে। ইন্টার মিলানের কাছে হেরে গ্রুপ থেকেই কিনা ছিটকে যেতে বাধ্য হল।
যত কান্ড ৭৫ মিনিটের পর থেকে। প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়। মেসির দেশের ক্লাব যদি ড্র করত তাহলেই চলে যায় পরবর্তী রাউন্ডে। প্রথম লালকার্ড যাবতীয় হিসেব পাল্টে দিলো রিভার প্লেটের। ৬৬ মিনিটের মাথায় মিলানের হেনরিখ মেখিতারিয়ানকে আটকাতে গিয়ে লালকার্ড দেখে বসেন লুকাস মার্তিনেজ কুয়ার্তা। ডিফেন্ডার কুয়ার্তা বেরিয়ে যাওয়ার ১০ মিনিটের পর প্রথম গোল করে যায় মিলান। গোলটি করেন ক্লাবের হয়ে অভিষেক ঘটা ১৯ বছরের স্ট্রাইকার ফ্রানচেস্কো পিও এসপসিতো। ১০জন হয়ে যাওয়ায় আর্জেন্টিনার দলটি প্রচন্ড চাপে পড়ে যায়। দ্বিতীয় গোলটি পায় মিলান যোগ করা সময়ের তিন মিনিটে। এবার গোলটি করেন আলেজান্দ্রো বাস্তোনি। শুধু এখানেই খেলা থামেনি। দ্বিতীয় গোল খাওয়ার মিনিট দুয়েকের মধ্যে মারামারিতে জড়িয়ে লালকার্ড দেখেন রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়েল। খেলা শেষে দেখা যায় রিভার প্লেটের ফুটবলার সংখ্যা নেমে এসেছে নজনে।

আর্জেন্টিনা ক্লাবগুলোর কাছে এই ছবি প্রতীকী হয়ে উঠতে পারে। খেলার শেষে হতাশ হয়ে মাটিতে শুয়ে পড়েছেন রিভার প্লেটের ফরোয়ার্ড ফাকুন্দেো কালিদওর।
আর্জেন্টিনার যেখানে সব ক্লাব ছিটকে গেল সেখানে পড়শি দেশ ব্রাজিলের চারটে ক্লাবই চলে গিয়েছে পরবর্তী রাউন্ডে। শেষ ১৬-তে মুখোমুখি হয়ে গিয়েছে বোতাফোগো-পালমেইরাস। ধরে নেওয়া যায় ব্রাজিলের একটা দল পরবর্তী রাউন্ডে চলে গিয়েছে। রিভার প্লেট একটা ম্যাচ হেরে বিদায় নেওয়ার নেপথ্যে রয়ে গেল মন্তেরেই। মেক্সিকান ক্লাব গ্রুপ লিগের শেষ ম্যাচে হারিয়ে দেয় জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসকে। গোলের ব্যবধান ৪-০। তাই মন্তেরেই ৫ পয়েন্ট নিয়ে খেলা শেষ করল। ইতালি দৈত্যের পয়েন্ট ৭। তারাই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। মন্তেরেই রানার্স হয়ে চলে গেল নক-আউটে। এবার মিলানকে খেলতে হবে ব্রাজিলের ফ্লুমিনেসের বিরুদ্ধে। জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড প্রি-কোয়ার্টারে মুখোমুখি হবে মন্তেরেইয়ের।







