২০২৩ সালের বিশ্বকাপের আগের দিন যেভাবে সাংবাদিক সম্মেলনে হুঙ্কার দিয়েছিলেন প্যাট কামিন্স। তিন বছর পর সেই একই সুর এবার শোনা গেল নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের গলা থেকেও। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেবার ভারতীয় সমর্থকদের চুপ করিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। আবারও একটা ফাইনাল। সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই। সেখানে সেই একই কাজ এবার করতে চান নিউ জিল্যান্ড অধিনায়ক।
ভারতের ঘরের মাঠে ম্যাচ। তাও আবার ফাইনাল। সেখানে যে তারা ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে না তা বেশ ভালোভাবেই জানেন স্যান্টনার। সেই কথা স্বীকারও করে নিলেন। একইসঙ্গে অবশ্য টিম গেম এবং কোনও একজনের বিশেষ পারফরম্যান্স যে ম্যাচের রংও বদলে দিতে পারে সেই বার্তাও দিয়ে রাখলেন কিউই অধিনায়ক।
ম্যাচের আগের দিন মিচেল স্যান্টনার বলেন, “অবশ্যই এই স্টেডিয়ামে ভারতীয় সমর্থকদের চুপ করিয়ে দেওয়াটাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। সেইসঙ্গে এটাও জানি যে টি টোয়েন্টি ক্রিকেটে যেকোনও সময়ে যা কিছু হয়ে যেতে পারে। সেই দিনিসটা গোটা বিশ্বকাপ জুড়েই আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন দলই ফেভারিট হয়ে নেমেছে কিন্তু খেলা পরে ঘুরে গিয়েছে”।







