কদিন ধরে নানা মহলে কথাটা ঘুরপাক খাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন মহম্মদ শামি। সম্ভবত ইংল্যান্ড সিরিজে যাবেন না। তিনি যাবেন না বললে ভুল হবে, তাঁর পারফরম্যান্স দেখে নির্বাচকরা হয়তো দলে নেবেন না। সেই গুঞ্জন উড়িয়ে দিলেন শামি নিজেই। ইনস্টাগ্রামে পোস্ট করে লিখলেন, এমন খবর করার কোনও যুক্তি আছে বলে মনে হয় না। আমর সঙ্গে এ নিয়ে কেউ কোনও কথা বললেন না। নিজের মনে এমন কিছু লেখার কি দরকার ছিল।
আসল রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের সিদ্ধান্ত জানার পর অনেকে ধরে নিয়েছিলেন, সেই পথ ধরে হাঁটবেন শামিও। শোনা যাচ্ছিল, নির্বাচকরা তাঁর পারফরম্য়ান্সে খুশি নন। আইপিএলে মোটেও ছন্দে নেই তিনি। ২০২৩ বিশ্বকাপে শামি চার ম্যাচ মাঠের বাইরে থাকার পর ফিরে এসে চমক দিয়েছিলেন। বলা যায়, ভারতীয় বোলিংকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। হ্যাঁ, বুমরা থাকার পরও একথা বলতে হচ্ছে। তারপর চোটের কারনে হারিয়ে যান শামি। প্রায় দেড় বছর এভাবে কেটে যায়. এরপর ফিট হয়ে মাঠে ফিরে এসে সেই মেজাজে তাঁকে দেখা যায়নি। এমনকি আইপিএলেও পুরনো চেহারায় তিনি নেই। কেন এমন হচ্ছে!
এটাই মাথাব্যথার কারন হয়ে উঠেছে নির্বাচকদের। তাঁদের চোখে বুমরা পুরো ফিট নন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে তাঁকে পুরো সিরিজ নাও খেলানো হতে পারে। তাঁর সঙ্গে শামির অবস্থাও যদি এমন হয়, তা হলে দলকে টানবেন কে! তাই শামিকে নিয়ে দ্বিধায় নির্বাচকরা। এ খবর বাইরে আসার পর সবাই ধরে নিয়েছিলেন, শামিও হয়তো রোহিত ও বিরাটের পথে হাঁটবেন। এর পিছনে কারনও ছিল। সত্যি এবারের আইপিএলে শামিকে আগের চেহারায় দেখা যায়নি। গুজরাট টাইটান্স প্রথমবার আইপিএলে আসার পর শামি দলের বোলিংকে নেতৃত্ব দিয়েছিলেন। সেরা বোলারের শিরোপাও পেয়েছিলেন। টানা দুবছর ভাল পারফরম্যান্স করার পর থেকে শামি হারিয়ে গেলেন। চোট সারিয়ে দেশের হয়ে খেলতে নেমে চমক নেই। আইপিএলে সাড়ে দশ কোটি টাকায় তাঁকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু কোথায় কি! তাঁর শেষ ম্যাচের কথা খুব তাড়াতাড়ি ভুলতে চাইবেন। শামি সেই ম্যাচে চার ওভারে দেন ৭৪ রান। আর একটু হলে আইপিএল ইতিহাসে রেকর্ডের খাতয় তাঁর নাম উঠত। এই শামিকে কেউ চেনেন না। তাই প্রশ্ন, তিনি কি ইংল্যান্ড সিরিজে নিজেকে প্রমান করতে পারবেন। পারলে ভাল, না হলে তাঁকে কিন্তু দল থেকে ছিটকে যেতে হবে। জল সেদিকে গড়িয়ে চলেছে। ইংল্যান্ড সিরিজে পাঁচ বা ছয় পেসার নিয়ে ভারতীয় দল যাবে। বুমরা ও শামি ছাড়াও দলে থাকার সম্ভাবনা সিরাজ, প্রসিদ্ধ, মুকেশ, আকাশদীপরা। তাই জায়গা পাকা করতে হলে আগের মেজাজে ফিরতে হবে শামিকে। এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয়, তত ভাল।







