কলকাতা লিগের গত ম্যাচে বিএসএসকে ৫-২ গোলে হারিয়ে সুপার সিক্সে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছিল মোহনবাগান। বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিলেন ডেগি কার্ডোজার ছেলেরা। যদিও ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে দ্বৈরথে শেষপর্যন্ত ০-১ গোলে হেরে সুপার সিক্সের রাস্তা কঠিন করে তুলল মোহনবাগান।
এদিন সবুজ-মেরুন অধিনায়ক সন্দীপ মালিক চোটের কারণে মাঠে ছিলেন না। অন্যদিকে, বিশ্বজিৎ ভট্টাচার্যের দলে ছিলেন রবি হাঁসদার মতো তারকা। সুতরাং ম্যাচটা যে সহজ ছিল না, তা সহজেই অনুমেয়। শুরু থেকেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি আদিত্য অধিকারী, শিবম মুণ্ডারা। কাস্টমসও প্রাণবন্ত ফুটবল উপহার দেয়।
ডান দিক থেকে বারবার উঠে এসে রিকি ঘরামি ব্যস্ত রেখেছিলেন সবুজ-মেরুন রক্ষণকে। প্রথমার্ধে কোনও পক্ষই কোনও দলই গোল করতে পারেনি। ক্যালকাটা কাস্টমসের রক্ষণের বজ্র আঁটুনির কাছে বারবার আটকে পড়ছিলেন ডেগি কার্ডোজার ছেলেদের। খেলার গতির বিরুদ্ধে গিয়ে ৯৭ মিনিটের গোলে কাস্টমসকে এগিয়ে দেন রৌনক পাল। এই হারের পর সুপার সিক্সের রাস্তা কঠিন হল মোহনবাগানের।







