বেঙ্গালুরুর আপিল নাকোচ করে দিলো AIFF আপিল কমিটি। আই লিগ ২০২৪-২৫ মরশুমে বড়সড় বিতর্কের অবসান ঘটাল AIFF-এর অ্যাপিলস কমিটি। ক্লেডসন দা সিলভা ‘ডে’-কে অবৈধভাবে খেলানোর অভিযোগে নামধারী এফসির বিরুদ্ধে মামলা করেছিল SC বেঙ্গালুরু। অভিযোগ ছিল, সাতটি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড পাওয়ার পরেও বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে নামেন ব্রাজিলিয়ান ফুটবলার ‘ডে’। অথচ, তখন তাঁর সাসপেনশন খাটানো উচিত ছিল।
কিন্তু এই সমস্ত অভিযোগ খারিজ করে দিল AIFF! জানাল, ‘নামধারী ক্লাব “গুড ফেইথে” কাজ করেছে।’ কারণ ম্যাচের আগেই AIFF-কে মেল করে খেলার অনুমতি চাওয়া হয়েছিল বলে জানিয়েছে তারা। তাই ওই ম্যাচে নামধারীর ২-১ জয় এবং তিন পয়েন্টও বহাল থাকছে।

তবে সতর্ক করে AIFF বলেছে, “পরবর্তী সময়ে নামধারী ক্লাব যেন নিজেরাই প্লেয়ার রেজিস্ট্রেশন ও সাসপেনশন সংক্রান্ত তথ্য যাচাই করে। এই রায়কে ভবিষ্যতের ক্ষেত্রে নজির হিসেবে ধরা যাবে না।”
এদিকে এই রায়ে বড়সড় ধাক্কা SC বেঙ্গালুরুর। ১১ নম্বরে শেষ করে ইতিমধ্যেই রেলিগেশনের মুখে তারা। তাদের সঙ্গে আছে দিল্লি এফসি-ও। তবে সাময়িক স্বস্তি মিলেছে – AIFF উভয় ক্লাবের অবনমন স্থগিত করেছে। দিল্লি অভিযোগ জানিয়েছে, AIFF-এর ডিসিপ্লিনারি কোড ও সংবিধান অনুযায়ী নিয়ম মানা হয়নি।
AIFF-এর অতীত নজির, বিশেষ পরিস্থিতিতে রেলিগেশন মকুবের ইতিহাস এবং প্রক্রিয়ার অভাবে আপাতত স্থগিতাদেশ দিয়েছে কমিটি। তবে চূড়ান্ত রায় এখনও বাকি। লড়াই এখন আদালতের ময়দানে—আত্মরক্ষায় কোমর বেঁধেছে দিল্লি ও বেঙ্গালুরু।
ফুটবলের ময়দানে লড়াই এখন শুধু গোলের নয়, নিয়মেরও!







