“দিন দিন উন্নতির মাত্রা বাড়িয়ে চলেছে গার্সিয়া। দলের কাছে এখন অপরিহার্য। হয়তো দেখবেন শনিবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে আরও ভাল খেলবে। ছেলেটার মধ্যে শেখার ইচ্ছে আছে। সবচয়ে বড় কথা, পরিশ্রমকে ভয় পায়না। প্রতিনিয়ত তার সঙ্গে কথা বলি। নজর রাখা হচ্ছে।”জুভন্তাসের বিরুদ্ধে একমাত্র গোলদাতা গঞ্জালো গার্সিয়া সম্পর্কে কথাগুলো ম্যাচের পর বলেন রিয়াল কোচ জাভি আলোনসো।

খেলার শেষে এমবাপে জড়িয়ে ধরলেন জুভেন্তাসের রোনাল্ড কোলো মুনাইকে।
নিরপেক্ষ ভেনুতে দু-দল চারবার মুখোমুখি হয়েছে। প্রতিবারেই রিয়াল হাসি মুখে মাঠ ছাড়লো। বিরতি পর্যন্ত দু-দল লড়াই চালালেও রিয়ালের পাল্লা ছিল ভারি। শুধু পাল্লা বললে ভুল বলা হবে, আক্রমণে অনেকটা এগিয়ে ছিল রিয়াল। গোল করতে পারেনি। না পারার কারণ অবশ্যই জুভেন্তাসের গোলকিপার মিকেলে দি গ্রেগোরিও। তিনি নিশ্চিত দশটা শট বঁাচিয়ে দিয়েছেন। বঁাধে ক্রমাগত ধাক্কা দিলে একসময় সেই বঁাধে ফাটল ধরতে বাধ্য হয়। জুভেন্তাসের ক্ষেত্রেও তাই হয়েছে। বিরতির পর ৫৪ মিনিটে একমাত্র গোলটি করে দলকে এগিয়ে দেন গঞ্জালো গার্সিয়া। রিয়াল ভক্তরা যার নাম দিয়েছেন নতুন রাউল। গোলের পাশ বাড়িয়ে ছিলেন ট্টেন্ট আলেকজান্ডার আর্নল্ড। রিয়ালের নতুন রাউল ক্লাব বিশ্বকাপে তিনটে গোল করে ফেললেন। একটা গোল করতে সাহায্য করেছেন। খেলা যখন ৬৮ মিনিটে গড়িয়েছে তখন কোচ তুলে নেন গার্সিয়াকে। নিয়ে আসেন ক্লাব বিশ্বকাপে এবার প্রথম নামা কিলিয়ান এমবাপেকে। অসুস্থতার কারণে প্রথম ম্যাচ থেকেই তিনি ছিলেন অনুপস্থিত।

গঞ্জালো গার্সিয়ার সেই গোল করার মুহূর্ত। আর্নল্ডের পাশ থেকে হেডে গোল করে যাচ্ছেন গার্সিয়া।
ঘটনা হল, মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রিয়াল নেমেছিল ম্যাচটা জেতার মানসিকতা নিয়ে। তাই শুরু থেকে আক্রমণে ঝঁাপিয়ে পড়তে দেখা যায়। ৫৮ শতাংশ শুধু বল দখলে রাখেনি, ক্রমাগত জুভেন্তাসের গোল লক্ষ্য করে শট নিয়ে গিয়েছে। ২১টা শটের মধ্যে লক্ষ্যে রেখেছিল ১১টা। অন্যদিকে জুভেন্তাস মাত্র ৬টা শট নেয়। রিয়ালের গোলকিপারকে মাত্র দুবার সামলাতে হয়েছে। রিয়ালের ফুটবলাররা ছোট ছোট পাশ খেলে নাজেহাল করে দিয়েছে জুভেন্তাসকে। গোল না পাওয়ার জন্য অবশ্যই রিয়াল দোষারোপ করতে পারে প্রতিপক্ষের গোলকিপার মিকেলে দি গ্রেগোরিওকে। তিনি নিশ্চিত পতন রুখে দেন ১০বার। জুভেন্তাস মূলত প্রতি-আক্রমণ ভিত্তিক গোল করতে চেয়েছিল। কাজের কাজ কিছু হয়নি। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে জার্মানির প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের। যারা ২-১ গোলে হারিয়েছে মেক্সিকোর মন্তেরেইকে।







