ওড়িশা এফসি-র মালিক রোহন শর্মা জানিয়ে দিলেন তাঁরা ক্লাব বন্ধ করছেন না। ক্লাবের মহিলা দল চালু থাকছে। শুধু আইএসএল শুরু হওয়া নিয়ে এখনও অনিশ্চিয়তা জারি থাকায় তাঁরা ক্ষতি কমানোর উদ্যোগ নিয়েছেন। তারই প্রতিফলনে, পুরুষ দলের ফুটবলার ও কোচদের সঙ্গে আপৎকালীন ভিত্তিতে চুক্তি ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কিছু স্বাভাবিক হলে ওড়িশা এফসি আবার দলগঠনের কাজে লেগে পড়বে।
কিন্তু ব্যাপার হলো এভাবে কতদিন চলবে? আইএসএল শুরু না হলে কি ফুটবলই হবে না? অনেক বাধা সত্ত্বেও সেনাবাহিনী দৃঢ়তা দেখিয়ে এখন ডুরাণ্ড কাপ আয়োজন করছে। তাহলে এআইএফএফ কেন ফেডারেশন কাপ বা সুপার কাপের আয়োজনের ব্যাপারে পরিস্কার করে কিছু বলছে না? আইএসএল যদি এই মরসুমের জন্য আয়োজন না করা যায় অথবা যদি এফএসডিএলের সঙ্গে নতুন চুক্তি সই হওয়ার পর জানুয়ারি থেকে হয়, তাহলে মাঝের সময়টা ক্লাবগুলো ও ফুটবলারদের নিয়ে এআইএফএফের প্ল্যান বি কি রয়েছে, তারও কোনো আভাস পাওয়া যাচ্ছে না। অনেকেই বলতে পারেন এফএসডিএলের থেকে টাকা না এলে এসব প্রতিযোগিতা কিছুই আয়োজিত হতে পারবে না।
কিন্তু আগে তো এফএসডিএলের টাকা আসতো না, তখন একবছরের জন্যেও আই লিগ বা ফেডারেশন কাপ বন্ধ থাকতো? থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোনো দেশেরই ফেডারেশনে তো এফএসডিএলের মতো বছরে ৫০ কোটি টাকা আসে না, তাদের লিগ বা কাপ কি বন্ধ থাকে?
অন্যদিকে, নরওয়ে কাপে চ্যাম্পিয়ন হলো ভারতের মিনার্ভা অ্যাকাডেমি এফসি। ফাইনালে সেদেশের স্বেরেসবর্গ আইএফ দলকে ১৪-১ গোলে হারাল তারা। চলতি স্ক্যান্ডিনেভিয়া সফরে হেলসিঙ্কি কাপে রানার্স হওয়ার পর টানা গোথিয়া কাপ ও ডানা কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার নরওয়ে কাপেও চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জয়ের হ্যাটট্রিক করে ভারতে ফিরছে মিনার্ভা অ্যাকাডেমি এফসি।







