সুপার কাপ শুরু হয়েছে ডেম্পোর বিরুদ্ধে ২-২ ড্র-য়ে। এবার ইস্টবেঙ্গলের সামনে মঙ্গলবার চেন্নাইয়িন এফসি। সেমিফাইনালে ওঠা নিশ্চিত করতে হলে ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে জিততেই হবে। তার আগে সোমবার ট্রেনিং-য়ের পর ফুটবলারদের মনের জোর বাড়াতে কোচ অস্কার ব্রুজোর মুখে এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গলের পারফরম্যান্সের কথা।
বলেছেন, “এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচের কথা মনে করুন। আশানুরূপ ফলাফল হয়নি। পরবর্তীতে আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছিলাম। ছেলেদের সেটাই বুঝিয়েছি। ২০১০ সালের বিশ্বকাপে স্পেনও প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। সেই স্পেনই কিন্তু বিশ্বকাপ জিতেছিল। আমাদের তেমনই নির্ভুল ফুটবল খেলতে হবে।” আরও বলেছেন, “চেন্নাইয়িন ম্যাচ আমাদের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। আমাদের দল খারাপ খেলেনি। ওরা সুসংহতই রয়েছে। তবে মনঃসংযোগের অভাব আমাদের ভুগিয়েছে। সেই কারণে পুরো ৯০ মিনিট নিখুঁত ফুটবল খেলতে হবে। কোনওভাবেই মনঃসংযোগ হারালে চলবে না।“
মোহনবাগানের কাছে ০-২ গোলে হেরে সুপার কাপ অভিযান শুরু হয়েছে ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসি’র। ২০২৩ সালে ওড়িশা এফসি’কে সুপার কাপ এনে দেওয়া কোচ মিরান্ডা চাইবেন ইস্টবেঙ্গলকে রুখে দিয়ে সুপার কাপে পয়েন্টের খাতা খুলতে।







