ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ। বুধবার ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন পায়ে চোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই জানা গেল, পন্থের পায়ের পাতা ভেঙেছে। ৬ সপ্তাহের জন্য তিনি মাঠে নামতে পারবেন না। বিসিসিআই-এর একটি সূত্র জানাচ্ছে, ওভালে পঞ্চম টেস্টের আগে পন্থের পরিবর্ত হিসেবে উইকেট-কিপার ইশান কিশানকে ডাকা হতে পারে।
উল্লেখ্য, ম্যাঞ্চেস্টারে ব্যাট করার সময়েই বিশ্রীভাবে চোট পান ভারতীয় দলের সহঅধিনায়ক। পায়ে হেঁটে মাঠ ছাড়তে পর্যন্ত পারেননি তিনি। বুধবার চোটের পর আর ব্যাট করার মতো অবস্থায় ছিলেন না পন্থ। গলফ কার্টে করে দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। প্রথমে ইন্ডোরে নিয়ে গিয়ে প্রাথমিক কিছু চিকিৎসা চলে।
শুভমান গিল, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক তখন ঋষভের পাশে দাঁড়িয়ে। টিমের ডাক্তার এসে ঋষভের চোট পরীক্ষা করেন। তারপর অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয় ঋষভকে। বিসিসিআই জানিয়েছে, বুধবার রাতেই স্ক্যান করা হয়েছে ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটারের।
কিন্তু বৃহস্পতিবার স্ক্যানের রিপোর্ট আসতেই জানা যায়, পন্থের ডান পায়ের পাতার হাড় ভেঙেছে। আপাতত ছয় সপ্তাহ তিনি মাঠে নামতে পারবেন না।







