এখনই ভারত-পাকিস্তান ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) চিঠি দিয়ে এই আবেদন করেছে পিসিবি। কারণ ভারতীয় দলের বিরুদ্ধে রবিবার ম্যাচ-রেফারি অ্যান্ডি পাইক্রফট কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেননি।
রবিবার সূর্যকুমার যাদবেরা করমর্দন করেননি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে। টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আঘাকে এড়িয়ে যান সূর্যকুমার। এছাড়া ম্যাচ শেষ হওয়ার পরেই বন্ধ করে দেওয়া হয় ভারতীয় সাজঘরের দরজা। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনও রকম সৌজন্য বিনিময় করেননি ভারতীয়েরা।
এই ঘটনায় ক্ষুব্ধ পিসিবি কর্তারা। প্রতিবাদে রবিবারই পাকিস্তান অধিনায়ক সলমন পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন। পিসিবির পক্ষ থেকে আগেই মৌখিক প্রতিবাদ জানানো হয়। তাতেই থেমে থাকেনি তারা। এ বার আইসিসিকে চিঠি দিয়ে প্রতিবাদ জানালেন পাকিস্তানের ক্রিকেটকর্তারা। ভারতীয় দলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় ম্যাচ রেফারি পাইক্রফ্টের অপসারণ দাবি করা হয়েছে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আইসিসির দ্বারস্থ হয়েছে পিসিবি। ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসির আচরণবিধি এবং এমসিসির নিয়ম লঙ্ঘিত হয়েছে। এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে পিসিবি।’’
নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) চেয়ারম্যান। পাক বোর্ডের মতে, ভারতের আচরণ খেলোয়াড়ি মানসিকতার পরিপন্থী। প্রথমে এসিসির কাছে পদক্ষেপের আর্জি জানানো হয় পাকিস্তান দলের পক্ষ থেকে। তবে বিসিসিআইয়ের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আইসিসি-র নিয়মাবলীতে এরকম কোনও শর্ত লেখা নেই যে, ম্যাচের পর দু’দলের ক্রিকেটারদের হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করতে হবে।
জ়িম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার ম্যাচ রেফারি হিসাবে বেশ অভিজ্ঞ। ১০৩টি টেস্ট, ২৪৮টি এক দিনের ম্যাচ এবং ১৮৩টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কিছু ম্যাচেও দায়িত্ব সামলেছেন।







