আর্জেন্টিনার প্রাক্তন কোচ হোসে পেকারম্যানের বিশ্বাস, মেসির ফেলে যাওয়া শূন্যস্থান ভরাট করা কঠিন হলেও উত্তরসূরি হিসাবে উঠে আসতে পারে ১৮ বছরের তরুণ তুর্কি ফ্র্যাঙ্কো মাস্তানতুনো। ৭৬ বছর বয়সী পেকারম্যানের ধারণা ভবিষ্যতে আর্জেন্টিনার ভরসা হবে ফ্র্যাঙ্কোই। সংবাদমাধ্যমকে বলেছেন, “আমি জানি না এমন কেউ আসবে কি না, যে মেসির জায়গা নিতে পারবে। তবে, মাস্তানতুনো দুর্দান্ত ফুটবলার। আমার বিশ্বাস, একদিন বিশ্ব ফুটবলে ও লিখবে নতুন ইতিহাস। নতুন সময়ে তৈরি হবে নতুন দল। তারা সংগঠিতও হবে। কিন্তু অন্য দলের সঙ্গে আর্জেন্টিনার তফাৎ গিড়ে দেবে মাস্তানতুনো।”
সম্প্রতি রিভার প্লেট তারকার সঙ্গে সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাব প্রায় দু’বছর ধরে মাস্তানতুওনোকে নিজেদের দলে ভেড়ানোর সুযোগ খুঁজছিল। এমনকী তাঁকে দলে নিতে ঝাঁপিয়েছিল পিএসজি-ও।
রিভার প্লেটের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলে ধীরেসুস্থে তিনি যোগ দেবেন রিয়ালে। মাস্তানতুনোর খেলায় সৃজনশীলতা দেখে ইতিমধ্যে ইউরোপ মুগ্ধ। তাঁকে বলাও হচ্ছে ‘বিস্ময় প্রতিভা’। প্রসঙ্গত, শুক্রবার ভোরে ঘরের মাঠে দেশের হয়ে হয়ত শেষ ম্যাচ খেলে ফেললেন মেসি। ভরে গিয়েছিল ৮০ হাজার দর্শকের স্টেডিয়াম। বাবার খেলা দেখতে হাজির ছিল মেসির সন্তানরাও।







