গতবারের প্রতিধ্বনি। বেশ কিছু ম্যাচের পর গতবছর এমন ধ্বনি উঠেছিল গ্যালারিতে। এবার উঠে গেল শুরুতেই। নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগান লিগ অভিযানে খেলতে নেমেই হেরে বসল পুলিশ এসি-র কাছে। বিরতির আগে ইনজুরি টাইমে পুলিশের হয়ে একমাত্র গোলটি করেন মহম্মদ আমিল নঈম। বিরতির পর সেই গোল আর শোধ করতে পারেনি মোহনবাগান। বলা উচিত, সেই জায়গায় পৌছতে পারেনি। তাহলে আর গোল হবে কী করে।
ম্যাচের আগের দিন মোহনবাগান কোচ কার্দোজো বলেছিলেন, মাত্র দু-সপ্তাহের প্র্যাকটিশ সেরে তঁারা ঘরোয়া লিগ খেলতে নামছেন। বাস্তবে দেখা গেল তারচেয়েও করুণ দশা মোহনবাাগানের। আক্রমণে লোক বাড়াবার পরিকল্পনা নেই। দুটো উইং ধরে খেলার চেষ্টা নেই। নেই গোলে শট নেওয়ার ছেলে। সবচেয়ে বড় কথা, তিনটে পাশ একসঙ্গে খেলার ছেলে তেমন দেখা গেল না। সেই দল যদি চার সপ্তাহ প্র্যাকটিশ করতো মনে হয়না বিশেষ পার্থক্য ধরা পড়তো। রান্না তখনই ভালো হয় যখন সেই রান্নার উপযোগী মশলা ঠিকঠাক থাকে। শুরুতেই গলদ থেকে যাচ্ছে। তাই গতবারের পুনরাবৃত্তি যদি এবারও ঘটে তাহলে বলার কিছু থাকবে না। দলে দীপেন্দু বিশ্বাস, কিয়ান নাসিরিদের ঢোকানোর ব্যবস্থা করা হোক। নাহলে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া দল এমন বিক্ষোভের মুখে পড়তে বাধ্য হবে।

পুলিশের বাধা টপকে বেরিয়ে গিয়েও অনায়াসে ধরা পড়ে গিয়েছে মোহনবাগান।
ছোট দলগুলো গোল পেলে সাধারণত সময় নষ্টের খেলায় মেতে ওঠে। যাতে বড় দলগুলো হতোদ্যম হয়ে পড়ে। সোমবার নৈহাটি স্টেডিয়ামে দেখা গেল এসবের বালাই নেই। বরং আরও গোল পাওয়ার বাড়তি তাগিদ দেখিয়েছে পুলিশ। উল্টে মোহনবাগান যখন গোল করার জন্য উঠেছে তখন দেখা গিয়েছে জনা তিনেক বড়জোর আক্রমণে উঠছে। সাদা জার্সি পরা পুলিশ বাহিনি তখন নিজেদের রক্ষণে কাশফুলের বাহার। তাহলে মোহনবাগান গোল পাবে কী করে। খেলার শেষে মোহনবাগান কোচ কার্দোজোকে শুনতে হল গোব্যাক ধ্বনি। নৈহাটিতে আসা মোহনবাগান সমর্থকরা প্রথম ম্যাচে দলের হার দেখে ফেটে পড়েন। এই নিয়ে কোচ কার্দোজোকে বলতে শোনা যায়, “দর্শকরা এমন কথা বলতেই পারেন। জুনিয়র ছেলেদের নিয়ে এই দল গড়া হয়েছে। তাদের সময় দিতে হবে। পুলিশ দল ছিল অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া দল। ফিটনেস লেবেলেও আমরা ভাল জায়গায় যেতে পারিনি। সময় দিন আশা করি ভাল জায়গায় চলে যাবে মোহনবাগান।” গোলদাতা মহম্মদ আমিল নঈম আসানসোলের ছেলে। খেলার শেষে তিনিও জানিয়ে গেলেন, মোহনবাগানের বিরুদ্ধে গোল করতে পেরে দারুন খুশি। কখনও ভাবেননি মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে গোল করতে পারবেন।







