মহারাষ্ট্রের জার্সিতে আবার নজরকাড়া পারফরর্ম্যান্স পৃথ্বী শ’য়ের। বুচি বাবু টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেঞ্চুরির পর এবার হাফসেঞ্চুরিও করলেন তিনি। তামিলনাড়ু প্রেসিডেন্ট একাদশ প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৮৪ রান করে। জবাবে মহারাষ্ট্রের ইনিংসকে ভালো জায়গায় নিয়ে যান পৃথ্বী। দ্বিতীয় দিনের শেষে ৫৭ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি। তৃতীয় দিনের প্রথম বলেই তিনরান নিয়ে হাফসেঞ্চুরি করেন। হর্ষল কেটের সঙ্গে ৯৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। শেষ পর্যন্ত ৯৬ বলে ৬৬ রান করে আউট হন পৃথ্বী। তবে তার ব্যাটিংয়ে আগের মত আগ্রাসন দেখা যাচ্ছে, আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। সোজা ব্যাটে অফ সাইডে তার ড্রাইভগুলো মনে পড়িয়ে দিচ্ছে পৃথ্বীরই কেরিয়ারের শুরুর খেলাকে।
চেন্নাইয়ে বুচিবাবু টুর্নামেন্টে মহারাষ্ট্রের হয়ে প্রথম ম্যাচেই ছত্তিশগড়ের বিরুদ্ধে ১১১ রান করেছিলেন পৃথ্বী। ১৪টি চারের পাশাপাশি একটি সেঞ্চুরিও এসেছে তাঁর ব্যাট থেকে। চেহারা দেখেও মনে হয়েছিল, ফিটনেস নিয়ে যথেষ্ট খাটছেন।
গত বছরের অক্টোবরে মুম্বইয়ের রনজি দল থেকে বাদ পড়েছিলেন। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলার অভাব, ওজন নিয়ে সচেতনতার অভাবের মতো অভিযোগ ছিল। নতুন মরশুমে দলবদল করে চলে আসেন মহারাষ্ট্রে। একসময় যাঁরা পৃথ্বীর সতীর্থ ছিলেন, তাঁদের অনেকেই সুপ্রতিষ্ঠিত। পৃথ্বী কি কামব্যাক করতে পারবেন?







