কলকাতা লিগ শুরুর আগে নতুন উদ্যমে কাজ শুরু করে দিল রেনবো এসি। বৃহস্পতিবার মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে নতুন লক্ষ্য নিয়ে পথ চলার অঙ্গীকার। অনির্বাণ আদিত্যসহ ম্যানেজমেন্টের সকলে তো ছিলেনই, উপস্থিত ছিলেন দলের ফুটবলাররাও। ছিলেন দলের টিডি দেবজিৎ ঘোষ। প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় যুক্ত হলেন রেনবো ক্লাবের সঙ্গে। তিনি জানিয়ে দিলেন ডায়মন্ডহারবার এফসিকে মডেল করে এগোবে রেনবো।
কলকাতা প্রিমিয়র ডিভিসনের দল রেনবো এসি। টিডি দেবজিৎ ঘোযকে সামনে রেখে এগোচ্ছে তারা। এবার আরও কয়েকজন ভাল ফুটবলারকে নিয়ে দল গড়া হয়েছে। ওই অনুষ্ঠানে ফুটবলারদের হাতে জার্সি ও টুপি তুলে দেওয়া হল। ফুটবল দলকে নিয়ে নানান পরিকল্পনার রূপরেখা তৈরি হয়ে গেল।
লিগের আগে ১৫ দিনের আবাসিক শিবির করবে রেনবো। রাজীব ব্যানার্জি জানান, তিনি ক্লাবের সঙ্গে সক্রিয়ভাবে থেকেই কাজ করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, যেভাবে তিনি ডায়মন্ডহারবারকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে চলেছেন, সেই মডেলেই এগোবে রেনবো।
প্রসঙ্গত তিন বছরের মধ্যে আইলিগে ঢুকে পড়েছে ডায়মন্ডহারবার। কিবু ভিকুনাকে সামনে রেখে দ্রুত গতিতে উথ্থান। এটাই উদ্দীপ্ত করছে রেনবোর কর্মকর্তাদের। আগামি দিনে রেনবোকে আরও বড় জায়গায় নিয়ে যেতে বদ্ধপরিকর তাঁরা।







