ভারতবর্ষ ছেড়ে জর্ডানের প্রথম টায়ারের ফুটবল ক্লাব আল ফাইসলি এফসিতে যোগ দিয়েছেন হিজাজি মাহের। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর সঙ্গে চুক্তি বদ্ধ হওয়ার কথা জানিয়ে দেয় জর্ডানের এই ফুটবল ক্লাবটি। যতদূর খবর, আগামী তিনটি সিজনের জন্য এই ফুটবল দলের জার্সিতেই হয়তো খেলতে দেখা যেতে চলেছে তাঁকে। গত ২০২৩-২০২৪ মরসুমের মাঝামাঝি সময় কার্লেস কুয়াদ্রাতের সাথে ভারতে এসেছিলেন হিজাজি মাহের। প্রথমদিকে তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে তার সঙ্গে চুক্তিও বাড়িয়েছিল ম্যানেজমেন্ট।
কিন্তু গত মরশুমের আইএসএলে এই ডিফেন্ডফারের পারফরম্যান্স আশাপ্রদ ছিল না। ক্লাবের দুশ্চিন্তা আরও বাড়িয়েছিল তার চোট আঘাত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন মরসুমে তাঁকে যে আর দলে রাখা হবে না সেই ইঙ্গিত মিলেছিল আগেই।

মূলত হিজাজি মাহেরের পরিবর্তেই ইস্টবেঙ্গল এই মরশুমে নিয়ে এল প্যালেস্তাইনের ডিফেন্ডার মহম্মদ রশিদকে। বৃহস্পতিবার মধ্যরাতে কলকাতায় পৌঁছলেন রশিদ। গত মরশুমে লিগ ওয়ানের ক্লাব পার্সেবায়া সুরাবায়ার সঙ্গে যুক্ত ছিলেন বছর ২৯ বছরের এই ডিফেন্ডার। ডিফেন্ডার হয়েও ৩০ ম্যাচে সেই দলের হয়ে ৬টা গোলও করেছিলেন।







