১৮ বছরের চেষ্টার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরের ঘরে এল আইপিএল ট্রফি। স্বপ্নপূরণ হল বিরাট কোহলির। মাঠ থেকে হোটেল – মঙ্গলবার রাত থেকে উচ্ছ্বাসে ভাসছে আরসিবি। ড্রেসিংরুমে ফিরেও হয়েছে সেলিব্রেশন। তারই মধ্যে ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট আবেগঘন বক্তব্য রাখলেন।
সেলিব্রেশনের মধ্যেও সাজঘরের আবহ ছিল নতুন শুরুর। নতুন শপথের। বোবাট বক্তব্য রাখতে গিয়ে বলেন, ওয়েল ডান। আমরা যা অর্জন করলাম, তার জন্য দারুণ গর্বিত। কোচ, সাপোর্ট স্টাফ, অ্যানালিস্ট- সকলের সাফল্য।
আলাদা করে বিরাট কোহলির উদ্দেশে তিনি বলেন, “জানি একজনকে তুলে ধরা তুমি পছন্দ কর না। বিরাট, তোমাকে তো বিশেষ ধন্যবাদ। অন্য যে কারও চেযে এটা তোমার প্রাপ্য ছিল।“ অধিনায়ক রজত পাতিদার, ফিল সল্ট, জস হ্যাজলউডদের বিশেষভাবে ধন্যবাদ জানান বোবাট।
তারপরই আগামির স্বপ্ন। তিনি বলেন, “আগামি বছর বেঙ্গালুরুতে ফাইনাল। আমাদের আবার চ্যাম্পিয়ন হতে হবে।“
ফাইনালের পর আরসিবি সাফল্যে উঠে এল অপারেশন সিঁদুরের প্রসঙ্গ। হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানিয়ে দিলেন, ওই সময় খেলা বন্ধ থাকায় তাঁদের দারুণ সুবিধা হয়েছে।তিনি মনে করেন, এই সময়টা পেয়ে যাওয়ার জন্যই রজত পাতিদার, জস হ্যাজলউডরা চোট সারিয়ে ওঠার সময় পেয়ে গিয়েছিলেন। তাই এটাকে একটা টার্নিং পয়েন্ট বলছেন ফ্লাওয়ার।







