শনিবার ইডেনে চাঁদের হাট। বাংলার ক্রিকেটার, বাংলার প্রাক্তন ক্রিকেটার, শিল্পপতি সত্যম রায়চৌধুরী থেকে শুরু করে টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী। সিএবি-র প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতে বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্যা রিচা ঘোষকে সোনার ব্যাট দেওয়া হল সিএবি-র তরফে। উপহার হাতে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপর প্রতিশ্রুতি অনুযায়ী রিচাকে দেওয়া হল ৩৪ লক্ষ টাকার একটি চেক। বিশ্বকাপ ফাইনালে ৩৪ রান করেছিলেন রিচা। সিএবি-র তরফে প্রতিশ্রুতি ছিল রান পিছু এক লক্ষ টাকা দেওয়া।
রিচাকে সংবর্ধ্বনা দিতে গিয়ে সৌরভ গাঙ্গুলির কথায় উঠে এল বাংলার প্রাক্তন মহিলা ক্রিকেটারদের কথা। বললেন, “ঝুলন গোস্বামী তো আছেই। মহিলা ক্রিকেটে ওর অবদান নিয়ে বেশি কিছু বলার নেই। কিন্তু আমি বলতে চাই রুণা বসু, গার্গী ব্যানার্জি, লোপামুদ্রা মিত্রদের কথা। যাদের প্রচণ্ড পরিশ্রমে বাংলার মহিলা ক্রিকেটের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। রিচাকে অজস্র শুভেচ্ছা। ও অনেকদুর যাবে।” রিচাও স্বাভাবিকভাবে আপ্লুত, কৃতজ্ঞতা প্রকাশ করলেন, সিএবি-র প্রতি, সৌরভের প্রতি এবং মুখ্যমন্ত্রীর প্রতি।







