ইংল্যান্ড সফরে ভারতীয় এ দলের অধিনায়ক হতে পারেন। এখানেই শেষ নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনি দলে ঢকে পড়বেন। ১৫ জনের দলেই নয়, প্রথম একাদশে চলে আসবেন তামিলনাড়ুর ব্যাটসম্যান ভরদ্বাজ সাই সুদর্শন। ভারতীয় ক্রিকেট মহলে এখন এটাই বড় খবর।
দলে অনেক তরুন ক্রিকেটার আসবেন। কিন্তু তাঁদের মধ্যে সবার উপরে থাকবেন সাই সুদর্শন। তাঁকে অনেকেরই পছন্দ। ঘরোয়া ক্রিকেট, ভারতীয় এ দল, আইপিএল, মাঠে নামলে সাই সুদর্শনের ব্যাটে রানের জোয়ার। এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ১১টি ম্যাচে করেছেন ৫০৯ রান। বোঝাই যাচ্ছে তিনি কেমন ফর্মে আছেন। তাঁর খেলা দেখে জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী পর্যন্ত বলেছেন, সাই সুদর্শনকে নিয়ে নতুন করে ভাবনার কিছু নেই। এখনই লিখে দেওয়া যায় যে ইংল্যান্ড সফরে ওকে খেলতে দেখা যাবে। আর এখন ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ভাবনায় তামিলনাড়ুর ব্যাটসম্যানটি জায়গা করে নিয়েছেন।
বাবা নামি অ্যাথলিট ছিলেন। সাউথ এশিয়ান গেমসে তিনি প্রতিনিধিত্ব করেছেন। মা ছিলেন ভলিবলার। ফলে বাড়িতে খেলার পরিবেশ ছোটবেলা থেকে ছিল। সেই জায়গা থেকে বেড়ে ওঠা সুদর্শনের খেলার দুনিয়ায় হাঁটা স্বাভাবিক ছিল। তাঁর কাজ সহজ করে দেয় তামিলনাড়ু প্রিমিয়ার লিগ। সেখানে খেলেই নজরে পড়েন সাই। ২০২১ সালে ঘরোয়া লিগে তাঁর ব্যাটিং দাপট দেখে সাদা বলের ক্রিকেটে রাজ্য দলের হয়ে মাঠে নেমে পড়েন। পরের বছর রনজিতে খেলেন। এভাবেই বেড়ে ওঠা। ২৩ বছরের বাঁহাতি ব্যাটসম্যান সাই গতবছর অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সে়ঞ্চুরি করেন। পাশাপাশি আইপিএল তো ছিলই। ২০২৩ আইপিএল ফাইনালে ধোনিদের বিরুদ্ধে ৪৭ বলে ৯৬ রান করেন। সেবার গুজরাট হেরে গেলেও সাইকে নিয়ে তখন থেকে ঝড় শুরু হয়ে যায়। এবারও আইপিএলে নজর কেড়েছেন। তাই জাতীয় সিনিয়র দলে তাঁকে নিতে অনেকেই কথা বলা শুরু করে দেন।
তখনও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেননি। রোহিত থাকলে সাই কোথায় খেলবেন। দলে আছেন শুভমান গিল, যশ্বসী জয়সওয়াল। তা হলে রিজার্ভ ওপেনার হিসেবে তিনি দলের সঙ্গে ইংল্যান্ড যেতে পারেন। কিন্তু টেস্ট ক্রিকেট থেকে রোহিতের অবসরের ঘোষণার পর সাইয়ের সামনে বন্ধ দরজা খুলে যায়। এখন শুধু টেস্ট অভিষেক হওয়ার অপেক্ষা। ২০ জুন লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টে মাঠে নেমে পড়তে পারেন সাই সুদর্শন।
লিডস টেস্টে দলে এলে কোথায় খেলবেন সাই। তিনি ওপেন করেন। জাতীয় দলেও কি ওপেনার হিসেবে মাঠে নামবেন! এখানেই প্রশ্ন। টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেন, এখন সেটাই দেখার। ভারতীয় দলে ওপেনিংয়ে অনেকে আছেন। তিনজনের নাম শুরুতেই চলে আসে। তাঁরা হলেন কে এল রাহুল, শুভমান গিল, যশ্বসী জয়সওয়াল। এঁদের সঙ্গে যোগ হচ্ছেন সাই সুদর্শন। তা হলে কি হবে। সুদর্শন কি ওপেন করবেন! হতে পরে। আবার নাও পারেন। রাহুলকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট মিডল অর্ডারে খেলাবার কথা ভেবে রেখেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টে পেন করতে নেমে রাহুল সেঞ্চুরি করেছিলেন। পরে রোহিতের জন্য নিজের জায়গা ছেড়ে দিয়েছিলেন। এবার রোহিত নেই। বিরাট নিয়ে নিশ্চিত করে কিছু বলার জায়গা এখনও আসেনি। তাই রাহুলকে শুরুতে নিয়ে আসার ভাবনা নেই। তা হলে যশ্বসীর সঙ্গে সাইকে এনে শুভমান তিনে! যশ্বসী বাঁহাতি ব্যাটসম্যান। সাইও তাই। তেমন হলে যশ্বসীর সঙ্গে শুভমান ওপেনে গিয়ে সাই তিনে খেলতে পারেন।
সে যাই হোক, সুদর্শন খেলছেন। হয়ে ওপেনে, নয়তো তিনে। এখন দেখার ব্যাপার এটাই যে তিনি ইংল্যান্ডের মাঠে কি করতে পারেন। সাফল্যের ধারবাহিকতা ধরে রাখতে পারবেন, নাকি নতুন পরিবেশে নিজকে মানাতে গিয়ে হোঁচট খাবেন। সময় সব কিছু বলে দেবে।







