প্রত্যাশিত ছিল। সেটাই হল। আসন্ন সন্তোষ ট্রফির(Santosh Trophy) জন্যও বাংলার কোচ হলেন সঞ্জয় সেন(Sanjay Sen)। বৃহস্পতিবারই আইএফএ-র(IFA) কোচেস কমিটির বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়ে গেল। আগে থেকেই এক প্রকার সঞ্জয় সেনের(Sanjay Sen) নাম ঠিক হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল কোচেস কমিটির সম্মতি। বৃহস্পতিবার আইএফএ-র দফতরে বসেছিল সেই বৈঠক। সেখানেই সর্ব সম্মতিক্রমে বাংলা দলের কোচের পদে বসলেন সঞ্জয় সেন(Sanjay Sen)।
গতবার সঞ্জয় সেনের(Sanjay Sen) কোচিংয়েই দীর্ঘদিন পর ফের একবার সন্তোষ ট্রফি(Santosh Trophy) চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা দল। সঞ্জয় সেনকে নিয়ে সেই সময় থেকেই উচ্ছ্বাসে মেতেছিল সকলে। সঞ্জয় সেনের জয়ী বাংলা দল থেকে আইএএসএলের জন্য ইস্টবেঙ্গলেও সুযোগ পেয়েছিলেন ফুটবলাররা। সেই সঞ্জয় সেনের ওপর এবারও ভরসা রাখল আইএফএ।
এই মরসুমের কলকাতা লিগের ম্যাসকট উন্মোচনের সময়ই আইএফএ-র কাছে ফের একবার সঞ্জয় সেনকে বাংলার কোচ করার প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas)। মঞ্চে উপস্থিত থাকা সচিব অনির্বাণ দত্ত(Anirban Dutta) এবং অজিত বন্দ্যোপাধ্যায়কে(Ajit Banerjee) এই বিষয়টি দেখার অনুরোধও করেছিলেন তিনি।
এরপরই অবশ্য আইএফএ সচিব জানিয়েছিলেন এই বিষয়ে শেষপর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইএফএ-র কোচেস কমিটি। এদিনের বৈঠকে সর্ব সম্মতিক্রমে আবারও সঞ্জয় সেনকেই বেছে নেওয়া হল। কোচেস কমিটির সদস্যরা ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত সহ সহ সচিব রাকেশ ঝাঁও।







