বিয়ের পরই স্বস্তিতে শিখর ধওয়ান। দিল্লি ফ্যামিলি কোর্টের রায়ে বিপাকে শিখর ধওয়ানের প্রাক্তন স্ত্রী আয়েশা মুখার্জী। কোনওরকম ক্ষতিপূরণ দিতে হবে না ধওয়ানকে। বরং আদালতের রায়ে আয়েশা মুখার্জী এবার ৫.২ কোটি টাকা ফেরত দেবেন শিখর ধওয়ানকে। আয়েশার বিরুদ্ধে ফ্রড, ব্ল্যাকমেল এবং মানসিক অত্যাচারের অভিযোগ মেনে নিয়েই এমন সিদ্ধান্ত ঘোষণা করল দিল্লি ফ্যামিলি কোর্ট। আর তাতে যে এখন বেশ খানিকটা স্বস্তিতে ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার শিখর ধওয়ান।
গত ২০২৩ সালে বিবাহ বিচ্ছেদ হয়েছিল শিখর ধওয়ানের। এরপরই অস্ট্রেলিয়ার আদালতে শিখর ধওয়ানের থেকে সম্পত্তি এবং অর্থ দাবী করে কেস করেছিল তাঁর প্রাক্তন স্ত্রী। পাল্টা দিল্লি ফ্যামিলি কোর্টেও মামলা হয়। সেই সময় মানসিক অত্যাচারের মামলাই করেছিলেন ধওয়ান। সেখানেই রায় গিয়েছে শিখর ধওয়ানের পক্ষে। আয়েশার দাবী নস্যাৎ তো করাই হয়েছে, সেইসঙ্গে তাঁকে ৫.২ কোটি টাকা ধওয়ানকে ফেরানোরও আদেশ দেওয়া হয়েছে।
কয়েকদিন আগেই শিখর ধওয়ান নতুন বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন। সেই সময় থেকেই তিনি চর্চায় এসেছিলেন। সোশ্যাল মিডিয়ায়ে ধওয়ানের একটি পোস্ট ঘিরেও কম জলঘোলা হয়নি। তবে দীর্ঘদিন পর শিখর ধওয়ান যে সত্যিই অনেকটা স্বস্তি পেলেন তা বলার অপেক্ষা রখে না।







