ইস্টবেঙ্গলের প্যালেস্তাইনের মিডফিল্ডার মহম্মদ রশিদের জন্য রবিবারের কলকাতা ডার্বি জিততে চান দলের বর্ষীয়ান মিডফিল্ডার শৌভিক চক্রবর্তী। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আলাদা গ্রুপে থাকা দু’দলই নিজেদের গ্রুপে শীর্ষস্থানে আছে। দু’দলই গ্রুপের তিনটি করে ম্যাচ জিতেছে। কিন্তু তারপরও ইটবেঙ্গলের মিডফিল্ডারের মতে ডার্বি ম্যাচের আগে কোনও পরিসংখ্যান কাজ করে না। সেই ম্যাচে শূন্য থেকে শুরু করতে হয়।
রশিদকে শুক্রবার রাতেই দেশে ফিরে যেতে হয়েছে। তার বাবা প্রয়াত হয়েছেন। গ্রুপে লিগে সেনাবাহিনীর বিরুদ্ধে এই মিডফিল্ডার নজর কেড়েছিলেন। দুরপাল্লার শটে গোলও করেছিলেন।
শৌভিক বলেছেন, “রশিদের পরিবারের প্রতি পূর্ণ সমবেদনা আমাদের। ও নেই ঠিকই। রাশিদের জন্য এই ডার্বিটা জিততে চাই।’
রবিবারের বড় ম্যাচ নিয়ে শৌভিকের বক্তব্য, “বড় ম্যাচ সবসময় আবেগের। সবসময় ৫০-৫০। আমরা গ্রুপ পর্বে ভালো খেলেছি। আশা করছি ডার্বিতেও ভালো ফল হবে। ডার্বি পুরোপুরি নির্ভর করে সেই দিনের উপরে। ব্যক্তিগত টার্গেট তো থাকেই। সমর্থকদের কথা ভেবে জিততে চাই। প্রত্যেকটা ডার্বির গুরুত্ব আলাদা।”







