কে বলেছে বিরাট জমানার আগ্রাসন নেই ভারতীয় ক্রিকেটে! কে বলেছে অধিনায়ক হিসাবে ‘দুর্বল’ চরিত্রের শুভমান গিল! শনিবার, লর্ডসে ইংল্যান্ডের প্রথম ইনিংসের শেষে তিনি যে কাণ্ডটি ঘটালেন তাতে গিলকে ‘দুর্বল’ বলা যাবে না। ইংরেজ ব্যাটারদের রীতিমতো মারকাটারি মেজাজে তেড়ে গেলেন ভারত অধিনায়ক। এমনকী, দুই ইংরেজ ওপেনারকে গালাগালও করতে শোনা গেল তাঁকে!
প্রথম ইনিংসে অলআউট হওয়ার পর যেটুকু সময় বাকি ছিল তাতে অন্তত দু’ওভার বল করার লক্ষ্যমাত্রা ছিল ভারতীয় শিবিরের। দিনের শেষদিকে নতুন বলের সুইং সামলানোটা যে কোনও ব্যাটসম্যানের পক্ষেই চাপের। তাই বেন ডাকেট, জ্যাক ক্রলিরা নিশ্চিত করতে চাইছিলেন যেন কোনওভাবে দ্বিতীয় ওভার বল করার সময় ভারত আর না পায়। নানা আছিলায় সময় নষ্টের চেষ্টা করছিলেন তাঁরা। তাতেই রেগে যান ভারত অধিনায়ক।
ক্রলি সময় নষ্টের চেষ্টা করলে তাঁর দিকে রীতিমতো মারমুখী ভঙ্গিতে তেড়ে যান গিল। আসরে নামেন ডাকেট। তিনি ভারত অধিনায়কের আগ্রাসনের প্রতিবাদ করেন। ইংরেজদের চোখে চোখ রেখে কথা বলেন ভারত অধিনায়ক। এগিয়ে যান কে এল রাহুল-সহ অন্য সতীর্থরাও। এই বচসার মধ্যে গালাগাল দিতেও শোনা যায় ভারত অধিনায়ককে। ম্যাচের শেষ ওভারের এই ঘটনা চতুর্থ দিন নামার আগে কিছুটা হলেও তাতাবে দুই দলকে।
সুনীল গাভাসকার অবশ্য এই ঘটনায় আইপিএল-যোগ দেখছেন। তার মনে হয়েছে, ইংল্যান্ডের ক্রিকেটারদের আইপিএলে না খেলাই গিলের রাগের উৎস।
আসলে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ভারতের ইনিংসও শেষ হয় একই রানে। একটা সময় মনে হয়েছিল, সহজেই ইংল্যান্ডের রান পেরিয়ে যাবে ‘গিল বাহিনী’। একটা সময় ভারতের রান ছিল ৬ উইকেটে ৩৭৬। সেখান থেকে মাত্র ১১ রানে চার উইকেট খুইয়ে লিড নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়। তাতে কিছুটা হয়তো বিরক্ত ছিলেন অধিনায়ক গিল।







