চলতি ওভাল টেস্টের দ্বিতীয় ১১ রানে আউট হন শুবমান গিল। প্রথম ইনিংসেও তিনি ব্যর্থ, করেছিলেন ২১। সব মিলিয়ে সিরিজে তাঁর রান হয়েছে ৭৫৪। গড় ৭৫.৪০। যার মধ্যে আছে চারটে সেঞ্চুরি। সর্বোচ্চ রান ২৬৯। কিন্তু মাত্র ২০ রানের জন্য সুনীল গাভাসকরের একটি নজির ভাঙতে পারেননি টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক। ১৯৭১ সালের ক্যারিবিয়ান সফরে ৭৭৪ রান করেছিলেন সানি। কোনও সিরিজে ভারতীয় হিসেবে করা সেটাই সর্বোচ্চ রানের রেকর্ড। তাও কিংবদন্তির কাছ থেকে এক বিশেষ উপহার পেলেন গিল।
টুপি এবং জামা। বিশেষ এই মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। ওভাল টেস্টের তৃতীয় দিনের শেষে গিলকে উপহার দিয়ে গাভাসকর বলেন, “দুর্দান্ত খেলেছ। আমি আগেই তোমার জন্য একটা উপহার এনেছিলাম। ভেবেছিলাম, তুমি আমার রেকর্ড ভেঙে ফেলবে। কিন্তু তুমি এটা পরবর্তী সিরিজের জন্য তুলে রেখেছ। তবুও তোমার জন্য ছোট্ট একটা উপহার এনেছি। সেটা তোমাকে দিতে চাই।”
গাভাসকর এরপর তাঁর হাতে থাকা কালো ব্যাগ থেকে একটা লাল টুপি বার করে শুভমানকে দিয়ে বলেন, “খুব কম মানুষকে আমি এই টুপি দিয়েছি। এতে আমার সই রয়েছে। এটা তোমার জন্য। একজন আমাকে ‘এসজি’ লেখা একটা জামা উপহার দিয়েছিল। তোমার গায়ে এটা আঁটবে কি না, জানি না। তবুও এটা তোমার জন্য।” সেই জামাটা অবশ্য সানির ব্যাগের মধ্যেই ছিল।
অবশ্য গাভাসকরের আর একটি নজির ভেঙে দিয়েছেন গিল। ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ক্যাপ্টেন হিসেবে সানি করেছিলেন ৭৩২ রান। চলতি ইংল্যান্ড সিরিজে অধিনায়ক হিসেবে ৭৫৪ রান করে ৪৬ বছরের পুরনো সেই নজির ভেঙে দিয়েছেন গিল।







