ইডেনের(Eden Gardens) পিচে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় ব্যাটাররা। মাত্র ১২৪ রানও তাড়া করে তুলতে পারল না তারা। ৩০ রানে দক্ষিণ আফ্রিকার(South Africa) কাছে প্রথম ম্যাচেই হার। ১০০ রানের গন্ডীও টপকাতে পারল না ভারত(INDvSA)। সেইসঙ্গে সিরিজেও পিছিয়ে পড়ল ১-০ ব্যাবধানে। স্পিন সহায়ক পিচ চেয়েছিল ভারত। কিন্তু সেখানে নিজেরাই বিধ্বস্ত। তৃতীয় দিন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শেষ ভারতীয় দল। তারকা ব্যাটিং লাইনআপ নিয়েও কেশব মহারাজ, হামারদের সামনে মাথা তুলে দাড়াতেই পারল না ভারতীয় শিবির। প্রোটিয়াদের জন্য পাতা ফাঁদে যেন নিজেরাই পড়ল তারা। দ্বিতীয় দিন বাভুমার অর্ধশতরানের ইনিংসটাই যেন ম্যাচের ভাগ্যটা নির্ধারণ করে দিয়েছিল। যদিও লক্ষ্য বিরাট ছিল না। কিন্তু বিশ্রী ব্যাটিং এবং প্রোটিয়াদের দুরন্ত স্পিনের সামনেই ভারতের সমস্ত আশা শেষ।
গোটা ম্যাচে একমাত্র অর্ধশতরান করেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা(Temba Bavuma)। আর সেটাই যে টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। ভারতের সামনে লক্ষ্য তখন ১২৪ রান। কিন্তু শুরুতেই ব্যর্থ যশস্বী জয়সওয়াল। কিছুক্ষণের মধ্যেই সাজঘরে ফেরেন কেএল রাহুলও। এইটুকু সময় পেসারদের আধিপত্য। এরপরই শুরু হয় হামার, কেশব মগারাজদের বিধ্বংসী স্পিনের জাদু। যা গোটা ইডেনকেও এদিন চুপ করিয়ে দিয়েছিল। ঋষভ পন্থ থেকে রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেলরা কেউই বেশীক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি। ওয়াশিংটন লড়াউটা করলেও তিনি ৩১ রানে ফিরতেই ভারতের হার প্রায় পাকা হয়ে গিয়েছিল।
যদিও অক্ষর পটেলের কয়েকটা বড় শট ভারতীয় সমর্থকদের মনে খানিকটা আশা জাগিয়েছিল। কিন্তু সেই বাভুমার হাতেই ক্যাচ বন্দী তিনি।
দক্ষিণ আফ্রিকার কাছে বিশ্রী হার। তবে এবার আর পিচকে দোষ দিচ্ছেন না। বরং গম্ভীরের মুখে উঠে আসছে অনভিজ্ঞ ড্রেসিংরুমের কথা। আর তাতেই কিন্তু সমালোচনা আরও বাড়ছে। ম্যাচ শেষে সরাসরি না বললে ব্যাটেরদের চূড়ান্ত ব্যর্থতাই যে দায়ী ভারতের হারের জন্য তাও বলতে দ্বিধা করলেন না গৌতম গম্ভীর। সেইসঙ্গে এই ভারতীয় ব্যাটারদের স্পিন খেলার ব্যর্থতার কথাও মেনে নিচ্ছেন তিনি।







