রবিবার না জিতলে ক্লাব বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল রিয়াল মাদ্রিদ ছিটকে যেতে পারে। কিন্তু রিয়ালের পক্ষে জেতা কতটা সম্ভব? প্রশ্ন উঠে গিয়েছে, যেহেতু সৌদির দল আল হিলালের সঙ্গে ১-১ গোলে প্রথম ম্যাচে খেলা শেষ করেছে। জ্বরের কারণ দেখানো হলেও পরে জানা যায় হাসপাতালে ভর্তি হয়েছেন ফরাসি তারকা। পেটের গুরুতর সমস্যার কারণে তঁাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। যদিও ৪৮ ঘন্টার মধ্যে ছাড়া পেয়ে ফিরে এসেছেন রিয়াল শিবিরে। রবিবার এমবাপের পক্ষে কি খেলা সম্ভব?
পাচুকার সঙ্গে রবিবার খেলা। যে দল প্রথম ম্যাচে হেরে বসেছে সালজবার্গের কাছে। তাই ধরে নেওয়া যায়, এই দলকে হারাতে হয়তো সমস্যা হবে না রিয়ালের। তবে সবকিছু নির্ভর করছে এমবাপের খেলা, না খেলার উপর। যদি এমবাপে না খেলেন তাহলে কি রিয়াল পারবে ঘুরে দঁাড়াতে? হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শিবিরে এসেছেন ঠিকই, তবে এমবাপের পক্ষে মনে হয়না রবিবারের ম্যাচ খেলা সম্ভব। যদি খেলান কোচ জাবি আলোনসো তাহলে ধরে নিতে হবে কিছুটা বাধ্য হয়ে তিনি নামিয়েছেন। নইলে ২৪ ঘন্টা আগে রিয়াল কোচ জানিয়ে ছিলেন, এমবাপেকে গ্রুপ লিগের ম্যাচে হয়তো পাওয়া যাবে না। রাতারাতি তিনি সুস্থ হয়ে মাঠে নেমে পড়বেন, এমন না ভাবাই উচিত। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, এমবাপে দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। চিকিত্্সা চলার পাশাপাশি আশা করা যায় তিনি দ্রুত মাঠে ফিরতে পারবেন। দ্রুত মানে এই নয় যে, রবিবার নেমে পড়বেন পাচুকার বিপক্ষে খেলতে।
কোনও সন্দেহ নেই, এমবাপে হলেন রিয়ালের এখন প্রাণভোমরা। লা লিগায় করেছেন ৪৩টা গোল। যদিও চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। কিন্তু রিয়াল সমর্থকদের আশা-ভরসা জুগিয়ে গিয়েছেন একমাত্র তিনি। তাই এমবাপেকে ঘিরে যাবতীয় স্বপ্ন দেখা শুরু করেছেন রিয়াল সমর্থকরা। কোচ জাবি আলোনসো তঁাকে ভালমতো দেখতেও পারেননি। শুক্রবার দলের সঙ্গে প্র্যাকটিশ করে শনিবার ক্লাব বিশ্বকাপ খেলতে আমেরিকা যুক্তরাষ্ট্রে রওনা দেন আলোনসোরা। এখানে এসে মাত্র কয়েকটা দিন দলের সঙ্গে প্র্যাকটিশ করেছেন ঠিকই, তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় সেভাবে মাঠে থাকতে পারেননি। সেই কারণে এমবাপে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রিয়াল শিবিরে ফিরলেও কতটা কার্যকরী হবেন তাই নিয়ে সন্দেহ তুঙ্গে। যদি তিনি খেলতে না পারেন তাহলে রুবেন নভেস হবেন রিয়াল কোচের ভরসা। যিনি আল হিলালের বিপক্ষে গোল করে দলকে প্রথমে এগিয়ে দিয়েছিলেন। সব দিন কি সমান যায়?







