দোহায় অনূর্ধ্বূ-২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে শনিবার রাতে তাদের দ্বিতীয় গ্রুপ লিগের ম্যাচে শক্তিশালী কাতারের বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেল ভারত। কাতারের হয়ে গোল করলেন আল-হাশমি আল-হুসেন এবং জাসেম আল শারশানি। ভারতের গোলটি করেছেন মুহম্মদ সুহেল। প্রথম ম্যাচে বাহরিনের বিরুদ্ধে নজর কাড়ার পর শনিবারও তার ফুটবল বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করল।
প্রথমার্ধে পিছিয়ে পড়ে ভারত। তবে পিছিয়ে পড়েও লড়াই তারা ছাড়েনি। রক্ষণকে জমাট করে কাউন্টার অ্যাটাকে সমতা ফেরানোর চেষ্টায় ছিলেন পার্থিব গগৈরা। দ্বিতীয়ার্ধে মহম্মদ সুহেল স্কোরলাইনে সমতা ফেরান। ভারত আবার প্রবলভাবে ম্যাচে ফেরে। কাতারের রক্ষণভাগ সেই সময় যথেষ্ট অস্বস্তিতে পড়েছিল।
কিন্তু ৬৫ মিনিটে জোড়া হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় ভারতীয় ডিফেন্ডার পরমবীর সিংকে। তারপরই পেনাল্টি পায় কাতার। পেনাল্টি নিয়ে রেফারির কাছে আপত্তিও জানিয়েছেন ভারতীয় ফুটবলাররা। সেই পেনাল্টিতে কাতার দ্বিতীয় গোল করে তিন পয়েন্ট পায়।
১১টি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন আর দু’নম্বরে থাকা দল এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। দু’ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া ভারতের লক্ষ্য এখন শেষ ম্যাচে ব্রুনেই-এর বিরুদ্ধে ৩ পয়েন্ট পাওয়া। মূল পর্বে যেতে হলে যা ভীষণভাবে প্রয়োজন।







