চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি ম্যাচে তিন নম্বর পজিশনে তিলক বর্মাকে(Tilak Varma) খেলালেও সেভাবে সাফল্য পাননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যখন তিলকের মতো অভিজ্ঞ ব্যাটারের থেকে বড় পার্টনারশিনের প্রত্যাশা করছিলেন সকলে, সেই সময়ে হতাশা ছাড়া আর কিছুই মেলেনি। এরপরই তিলকের দায়িত্ববোধ নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন তারকা সুনীল গাভাসকর(Sunil Gavaskar)। সেই সময় কেন তিলক বর্মা(Tilak Varma) এতটা তাড়াহুড়ো করলেন সেটাই যেন বুঝতে পারছেন না গাভাসকর।
টানা তিনটি ম্যাচে শূন্য রান করার পর এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রানের মুখ দেখেছিলেন অভিষেক শর্মা(Abhishek Sharma)। সেই মুহূর্তে আবার ঈশান কিষাণের উইকেট শুরুতেই খুইয়েছে ভারত। সেই পরিস্থিতিতে অভিষেকের স্টে দেওয়ার পাশাপাশি তিলকেরই(Tilak Varma) পার্টনারশিপ তৈরি করার দায়িত্বটা নেওয়া উচিৎ ছিল বলে মনে করছেন ভারতীয় দলের এই প্রাক্তন তারকা।
সুনীল গাভাসকর ম্যাচ শেষে বলেন, “তিলক বর্মা একজন অত্যন্ত নির্ভরযোগ্য ব্যাটসম্যান। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স আমাকে খুবই হতাশ করেছে। প্রথম ওভারেই ঈশান কিষাণ ফিরে গিয়েছেন। সেই সময় ভারতের ওভার পিছু প্রয়োজনীয় রানরেট ছিল ৯.৫। কখনই সেটা ১৫ ছিল না। সেই পরিস্থিতিতে তিলকের খানিকটা সময় নেওয়াই উচিৎ ছিল। সেইসঙ্গে অপর দিকে তখন পরপর তিন ম্যাচে শূন্য করা অভিষেক রয়েছেন। স্বভাবতই অভিজ্ঞ হিসাবে তিলক বর্মারই বাড়তি দায়িত্ব নেওয়াটা প্রয়োজন ছিল। সেইসঙ্গে দরকার ছিল একটা বড় পার্টনারশিপ গড়ে তোলার। কিন্তু তিলক সেটা করতে পারেননি। অন্তত পাওয়ারপ্লের ৬ ওভার ক্রিজে থাকাটাই উচিৎ ছিল তিলকের”।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও তিলক বর্মার স্লো ক্রিকেট নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছিল। কোনও ম্যাচেই নিজের স্বভাবোচিতো পারফরম্যান্স তিলক বর্মা দেখাতে পারছেন না। আর তাতে যে ভারতের মিডল অর্ডারের ওপর চাপটা অনেকটাই বেড়ে যাচ্ছে তাও বলার অপেক্ষা রাখে না।






