এই মরশুমে আইএসএল কি হবে? দেশের ফুটবল ভক্তদের কাছে এখনও নিশ্চিতভাবে তার আশ্বাস নেই। শুক্রবার, নির্ধারিত শুনানির দিনে, সুপ্রিম কোর্টের দুই প্রধান বিচারপতি, মাননীয় পিএস নরসিমা এবং মাননীয় জয়মাল্য বাগচি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং আইএসএলের আয়োজক, এফএসডিএল নিযুক্ত আইনজীবীকে নির্দেশ দিলেন, এই মরশুমে আইএসএল আয়োজনের যে জট তৈরি হয়েছে তা ছাড়ানোর জন্য আলোচনায় বসতে।
একইসঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আগামি ২৮ অগস্ট কোর্টে যে শুনানি আছে সেখানে ফেডারেশন এবং এফএসডিএল-কে জানাতে হবে আইএসএল নিয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা। এখনও পর্যন্ত জানা গিয়েছে, সিদ্ধান্তের জন্য মাত্র পাঁচ দিনের সময়ে খুশি নয় আইএসএলের আয়োজক এফএসডিএল! অতএব, ২৮ অগস্ট দেশের ফুটবল ভক্তদের কাছে ছবিটা পরিষ্কার হবে যে এই মরশুমে আদৌ আইএসএল হবে কি না।
এর আগে আইএসএলের ক্লাবগুলি বর্ষীয়ান আইনজীবী গোপাল শঙ্করনারায়ণনের মাধ্যমে সুপ্রিম কোর্টে আইএসএলের অচলাবস্থা কাটাতে আবেদন করেছিল। তিনি টুর্নামেন্টের আয়োজন নিয়ে সমস্যা সমাধানের জন্য বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি অতুল চন্দুরকরের বেঞ্চের কাছে আবেদন করেন।
একইসঙ্গে, শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা জানিয়েছেন, সংবিধান সংশোধনের বিষয়টি নিয়েও তাদের রায় তৈরি করা হয়ে গিয়েছে। ২৮ অগস্ট রায় দেওয়ার আগে তারা ন্যাশনাল স্পোর্টস বিলে উল্লিখিত প্রশাসন সংক্রান্ত অংশটি আলোচনা করে তাদের রায়ে ঢোকাতে চান। আইএসএলের ১১টি ক্লাব সম্মিলিতভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। আর এবার এফএসডিএল এবং ফেডারেশনের বৈঠকের দিকে তাকিয়ে ক্লাবগুলি। এখন দেখার, ২৮ আগস্টের মধ্যে আইএসএল নিয়ে এই অচলাবস্থা কাটে কি না।







