এবারের আইপিএল শেষ হয়ে গিয়েছে রাজস্থান রয়্যালসের। সিএসকের বিরুদ্ধে জিতে তারা ১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নয় নম্বর জায়গায় রয়েছে। রবিবার ধোনিরা গুজরাট টাইটান্সের কাছে হেরে গেলে রাহুল দ্রাবিড়ের দল এক ধাপ এগিয়ে থাকবে। এবার তেমনটা হওয়ার সম্ভাবনাই বেশি।
আইপিএল শেষ হতে না হতে প্রাপ্তির দিকে উঁকি দেওযা শুরু হয়ে গিয়েছে। সেখানে এক অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে। বৈভব সূর্যবংশী দলের ব্যাটসম্যানদের মধ্যে লড়াইয়ে প্রথম পাঁচে ঢুকে পড়েছেন। তা-ও আবার বৈভব মাত্র সাতটি ম্যাচ খেলেছেন। অধিনায়ক সঞ্জু স্যামসন চোটের কারনে বাইরে চলে যাওয়ার পর প্রথম একাদশে ঢুকে পড়ার সুযোগ চলে আসে বৈভবের সামনে। তিনি ৭ ম্যাচে করেছেন ২৫২ রান। এর মধ্যে আছে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। ব্যাটিং গড় ৩৬। স্ট্রাইক রেট ২০৬.৫৫। ১৪ বছরের বৈভবকে রাজস্থান দলে নিয়েছে ১ কোটি ১০ লাখ টাকায়। নিজের ব্যাটিংয়ের জোরে বৈভব পিছনে ফেলে দিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার শিমরন হেটমায়ারকে। ১১ কোটি টাকার ব্যাটসম্যান হেটমায়ার ১৩টি ইনিংসে করেছেন ২৩৯ রান। গড় ২১.৭৩। স্ট্রাইক রেট ১৪৫.৭৩। নিজের ইনিংসে তিনি একটি হাফ সেঞ্চুরি করেছেন।
রাজস্থান রয়্যালসের হয়ে সব থেকে বেশি রান করেছেন যশস্বী জয়সওয়াল। ১৪ ইনিংসে করেছেন ৫৫৯ রান। এর মধ্যে ছটি হাফ সেঞ্চুরি আছে। গড় ৪৩। স্ট্রাইক রেট ১৫৯.৭১। রাজস্থান ১৮ কোটি টাকায় যশস্বীকে রিটেন করেছিল।
দুনম্বরে আছেন রিয়ান পরাগ। ১৪ ইনিংসে রান করেছেন ৩৯৩। গড় ৩২.৭৫। স্ট্রাইক রেট ১৬৬.৫২। কেকেআরের বিরুদ্ধে তিনি খেলেছিলেন ৯৫ রানের ইনিংস। তাঁকে ১৪ কোটি টাকায় রিটেন করে রাজস্থান।
তিন নম্বরে আছেন ধ্রুব জুরেল। তিনি ১৩ ম্যাচে করেচেন ৩৩৩। গড় ৩৭। স্ট্রাইক রেট ১৫৬.৩৩। দুটি হাফ সেঞ্চুরি। ১৪ কোটি টাকায় তাঁকে রিটেন করে রাজস্থান।
চার নম্বরে অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনি চোটের কারনে অনেক ম্যাচ খেলতে পারেননি। ৯টি ইনিংসে করেচেন ২৮৫ রান। গড় ৩৫.৬৩। স্ট্রাইক রেট ১৪০.৩৯। একটি হাফ সেঞ্চুরি। তাঁকে ১৮ কোটি টাকায় রিটেন করে রাজস্থান।







