পাকিস্তানকে হারানোর জন্য স্লেজিংয়ের প্রয়োজন নয়, ভালো খেলেই চির প্রতিদ্বন্দ্বীদের হারাবো। মাঠে নামার আগে সেই কথাই সাফ সতীর্থদের জানিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে আদতে কোনওরকম কথাই বলতে চাননি ভারতীয় দলের অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পর সেই ভিডিও প্রকাশ হতেই কার্যত ভাইরাল। কলম্বোতে পাকিস্তানকে কার্যত খরকুটোর মতো উড়িয়ে দিয়েছে ভারত।
টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে ভারতের পরিসংখ্যান ৮-১। শেষ ম্যাচেও হেলাতেই পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটিং থেকে বোলিং কোনও জায়গাতেই ভারতের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেনি পাকিস্তান বাহিনী। সেই ম্যাচে নামার আগেই দলের সতীর্থদের সূর্যকুমার যাদব কী কথা বলেছিলেন, তাই এবার প্রকাশ্যে এসেছে। পাকিস্তান ক্রিকেটারদের উদ্দেশ্যে কোনওরকম স্লেজিং যাতে না হয় তারই নির্দেশ দিয়েছিলেন ভারত অধিনায়ক।
ভিডিওতে শোনাযাচ্ছে সূর্যকুমার যাদব তাঁর সতীর্থদের উদ্দেশ্যে বলছেন, রানিং বিটুইন দ্য ওভার আমাদের করে যেতেই হবে। সেইসঙ্গে আমারা কাউকে কিচ্ছু বলব না। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা ভালো খেলা দেখিয়েই ম্যাচটা জিতে নেব।
সেটাই করে দেখিয়েছে টিম ইন্ডিয়া। দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে ভারত। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে ৬২ রানেও ম্যাচ জিতেছে ভারত।






