জেলার যুব অ্যাথলিটদের জন্য উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়াসংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

আসন্ন ৩৬তম ইস্ট জোন জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পুর্বাঞ্চল দলে উত্তর ২৪ পরগনা থেকে নির্বাচিত ১০ জন অ্যাথলিটের জন্য শুক্রবার জেলা ক্রীড়া সংস্থার এক ব্যতিক্রমী উদ্যোগ। শুক্রবার সোদপুর জেলা ভবনে অনুষ্ঠিত এক সম্মাননা অনুষ্ঠানে ১০জন অ্যাথলিটের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হল। উদ্দেশ্য তাদের উৎসাহিত করা, উজ্জ্বীবিত করা। প্রসঙ্গত, রাঁচিতে হতে চলা তিন দিনের এই টুর্নামেন্টে অ্যাথলিটদের যাতায়াত, থাকা এবং খাওয়ার নিজেদেরই বহন করতে হয়। এই আর্থিক সহায়তা অ্যাথলিটদের শুধু প্রয়োজনেই লাগবে তা নয়, তাদের আরও উৎসাহিত করবে বলেই উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়াসংস্থার কর্তাদের আশা। শুক্রবার সমস্ত অ্যাথলিট এবং তাদের বাড়ির লোকেদের নৈশভোজে আপ্যায়িত করা হয়। জেলার তরফ থেকে আরও প্রতিশ্রুতি দেওয়া হয় যে, ইস্ট জোন থেকে কোয়ালিফাই করে সর্বভারতীয় চ্যাম্পিয়নশিপ থেকে পদক আনলে জেলার ছেলে মেয়েদের আর্থিক ভাবে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকা কার্যকরী সভাপতি শ্রী সনৎ দে ঘোষণা করেন, সোনা পেলে ১৫ হাজার, রূপো পেলে ১২ হাজার, এবং ব্রোঞ্জ পেলে ১০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে।