এখনও সরকারিভাবে ভারতীয় ক্রিকেট কর্তারা কিছু জানাননি। কিন্তু ভারত-পাকিস্তান লড়াই শেষ হওয়ার পর আইপিএল নিয়ে ভাবনা চিন্তার মাঝে উঠে আসে ইডেন থেকে ফাইনাল সরানো হবে। সেই ম্যাচ নিয়ে যাওয়া হবে আমেদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। এমন কি প্লে অফে একটি কোয়ালিফায়ার ম্যাচ হওয়ার কথাও ছিল কলকাতায়। সেই ম্যাচও হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কেন ম্যাচ সরানো হবে! এ নিয়ে সিএবির তরফ থেকেও কোনও কিছু জানানো হয়নি। শুধু বলা হচ্ছে যে বোর্ডের কাছ থেকে আমরা কিছু খবর পাইনি। তাই নিশ্চিত করে কিভাবে বলব! আগে জানি, তারপর আমরা জানিয়ে দেব।
বোঝা গেল পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তাঁরা কি বলবেন। নতুন করে কিছু তো বলার নেই। বোর্ড জানিয়ে দিলে সেই কথায় সিলমোহর দিয়ে বাংলার ক্রিকেট কর্তারা মিডিয়ার সামনে নিয়ে আসবেন। ততদিন মুখে কুলুপ এঁটে থাকই ভাল। ফাইনাল তো বটে, কোয়ালিফায়ারও সরে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
কেন ফাইনাল সরানোর কথা বলা হচ্ছে। বোর্ডের কাছ থেকে যে ইমেল সিএবিতে এসেছে, সেখানে লেখা আছে বৃষ্টির কারনে ফাইনাল বানচাল হতে পারে। সেই বৃষ্টির হাত থেকে ফাইনালকে বাঁচাতে ম্যাচ সরানোর কথা ভাবা হচ্ছে। এর অন্য কোনও ব্যাখ্যা নেই।
কিসের বৃষ্টি! শক্তির দাপটে সব কিছু লন্ডভন্ড হয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তর থেকে শক্তির ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। আর যদি সেই দাপটে সব কিছু লন্ডভন্ড হয়েও যায়, তাতে ফাইনাল কেন আটকে যাবে। ২৩ মে থেকে ২৫ মের মধ্যে আবহাওয়া হঠাৎ বদলে যেতে পারে। যদিও তা মানছে না আবহাওয়া দপ্তর। মেনে নিলেও ফাইনাল হওয়ার কথা ৩ জুন। সেখানে বৃষ্টি কোথায়! বলা হচ্ছে বৃষ্টি এলেও তা ম্যাচ বাতিল করে দেওয়ার মতো হবে না। কিছুটা বাধার সৃষ্টি করতে পারে। এর বেশি কিছু নয়। তা হলে বোর্ডের কাছে এমন খবর কোথা থেকে এল। এটাই এখন চাপে ফেলে দিয়েছে বাংলার ক্রিকেট কর্তাদের।
আইপিএল শুরুর আগে ঘোষণা হয়েছিল, কেকেআর গতবারের চ্যাম্পিয়ন দল বলে এবারের ফাইনাল কলকাতায় হবে। শুধু ফাইনাল নয়, প্লে অফে একট কোয়ালিফায়ার ম্যাচও ইডেন পাচ্ছে। এখন দেখা যাচ্ছে সব কিছু হাতের বাইরে চলে গেল। ত হলে এবারের মতো ইডেনে আইপিএল শেষ! কারন, কেকেআরের লিগের বাকি দুটি ম্যাচ বাইরের মাঠে হবে। সূচি এখনও সামনে না এলেও শোনা যাচ্ছে শনিবার বা রবিবার কেকেআর বেঙ্গালুরুতে খেলবে আরসিবির বিরুদ্ধে। পরের ম্যাচ হায়দরাবাদে। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। তাই প্লে অফ ও ফাইনাল সরে গেলে ইডেনে এবার আরে কোনও ম্যাচ দেখতে পাবেন না ক্রিকেটপ্রেমীরা।
অজিঙ্কে রাহানেরা বৃহস্পতিবার চিন্নাস্বামীতে প্র্যাকটিসে নামছে। আসলে লিগের প্রস্তুতি তারা শুরু করে দিতে চায়। ভারতীয় ক্রিকেটারদের নিয়ে চিন্তার কিছু নেই। মাথাব্যথা বিদেশিদের নিয়ে। তবে রাসেল, নারাইন ও পাওয়েলরা দুবাইয়ে থাকায় সেখান থেকে বেঙ্গালোর আসায় সমস্যা নেই। গুরবাজ কাবুল থেকে দুবাই এসে ভারতে ঢুকবেন। তবে তাঁদের নিয়ে আপডেট এখনও পর্যন্ত কেকেআর শিবির থেকে জানানো হয়নি। না জানালেও এটা ধরে নেওয়া যে আরসিবি ম্যাচে বিদেশি নিয়ে চিন্তা থাকবে না রাহানেদের।







