বায়ার্ন মিউনিখের বিখ্যাত ফরওয়ার্ড থমাস মুলারও যোগ দিলেন মেজর লিগ সকারে। তিনি সই করলেন ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে। আগামি মাসে মুলারের ৩৬ হবে। গত মরশুমের শেষে ৩৫ বছর বয়সী এই ফরওয়ার্ড ও অ্যাটাকিং-মিডফিল্ডার বায়ার্ন ছাড়ার সিদ্ধান্ত নেন। বলেছেন, “এই ক্লাবেও আমার প্রধান লক্ষ্য দলকে চ্যাম্পিয়ন করা। কোচ জেসপার সোরেনসন এবং ক্লাবের স্পোর্টিং ডিরেকটর অ্যালেক্স শুস্টারের সঙ্গে আলোচনা হয়েছে। আমি মাঠে নামার জন্য মুখিয়ে আছি।”
মুলার এখনও আর্ন্তজাতিক ট্রান্সফার সার্টিফিকেট আর ভিসা পাননি কানাডা যাওয়ার।
বায়ার্নে মুলার খেলেছেন টানা ২৫ বছর! ১৩টি বুন্দেশলিগা খেতাবে দলকে সহায়তা করেছেন। তার সঙ্গে রয়েছে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জয়। পরিসংখ্যানও ঈর্ষণীয়। ফুটবল জীবনে ম্যাচ খেলেছেন ৭৫৬টি। গোল করেছেন ২৫০টি, অ্যাসিস্ট ২৩৮টি। দেশের জার্সিতে মুলারের ম্যাচ ১৩১টি, গোল করেছেন ৪৫টি। যার মধ্যে রয়েছে ২০১৪-র ব্রাজিল বিশ্বকাপ জয়।
ভ্যাঙ্কুভার তাকে সই করিয়েছে ‘ডেসিগনেটেড’ প্লেয়ারের মর্যাদায়। মেজর লিগ সকারের ওয়েস্টার্ন কনফারেন্স লিগের টেবিলে দু’নম্বরে রয়েছে, সান দিয়েগোর পর।







