নদীয়ার গয়েশপুর স্পোর্টস ফুটবল অ্যাকাডেমি থেকেই ইস্টবেঙ্গলে সুযোগ পেয়েছিলেন অন্তাশিয়া ওঁরাও। এবার এই অ্যাকাডেমি থেকে দুই নারী ফুটবলার পায়েল পাল ও সুজাতা রায় পাড়ি দিলেন বেঙ্গালুরু, রুটস্ এফসি-র হয়ে কর্ণাটক উইমেন্স লিগে খেলতে। গতকালই তারা বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন।
পূর্ব বর্ধমান জেলার সগরাইয়ের সুজাতা রায়, ২০২৩ সাল থেকে এই অ্যাকাডেমিতে তালিম নিচ্ছেন। মূলত তিনি মাঝমাঠের খেলোয়াড় হলেও এখানে তাঁকে সাইড ব্যাক হিসাবে ব্যবহার করা হয় এবং সর্বশেষ কন্যাশ্রী কাপে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের হয়ে এই পজিশনে দুর্দান্ত খেলেছেন তিনি।
আর বসিরহাটের পায়েল পালও ২০২৩ থেকে এই অ্যাকাডেমির সঙ্গে যুক্ত। ফরোয়ার্ড পায়েল যদিও অ্যাকাডেমিটির আবাসিক প্রোগ্রামের অংশ নন। কিন্তু তিনিও গত কন্যাশ্রী কাপে সুরুচি সংঘের হয়ে চমৎকার খেলেছিলেন।

পায়েল ও সুজাতা, দু’জনকেই বেঙ্গালুরুর রুটস্ এফসি-তে খেলাতে উদ্যোগ নিয়েছিলেন গয়েশপুর স্পোর্টস ফুটবল অ্যাকাডেমির কর্ণধার অমৃত দাস। তাঁরই ঐকান্তিক প্রচেষ্টায় রুটস্ এফসি সই করিয়েছে বাংলার এই দুই মহিলা ফুটবলারকে। ক্লাবটি গত মরসুমে দ্বিতীয় ডিভিশন ইন্ডিয়ান উইমেন্স লিগে খেলেছিল। সেখানে তারা ফাইনাল রাউন্ডে উঠলেও অল্পের জন্য এলিট আইডব্লিউএলে যেতে পারেন। এবারেও তাদের লক্ষ্য থাকবে রাজ্য লিগে ভালো ফল করে আইডব্লিউ-২-তে উত্তীর্ণ হওয়া। সেক্ষেত্রে ক্লাবটির হয়ে ঘরোয়া পর্যায়ে ভালো খেললে পায়েল ও সুজাতার জন্য জাতীয় পর্যায়ের লিগে খেলার সুযোগ চলে আসবে।







