বাবার হাতে ‘খুন’ হতে হল টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে। মেয়েটি ছিলেন রাজ্যস্তরের টেনিস খেলোয়াড়। বয়স হয়েছিল মাত্র ২৫। গুরুগ্রামের সুশান্ত লোক-ফেজ-২-এর বাসিন্দা ছিলেন তিনি।
প্রতিভাবান টেনিস খেলোয়াড় ছিলেন রাধিকা যাদব। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের ক্রমতালিকায় তিনি ছিলেন ১১৩ নম্বরে। সম্প্রতি ডবলসে তিনি শীর্ষ ২০০-র মধ্যে ছিলেন।
জানা গিয়েছে, বাবা তার মেয়েকে লক্ষ্য করে পাঁচটি গুলি চালিয়েছিল। এরমধ্যে তিনটি গুলি রাধিকার বুকে লাগে। ঘটনাটি ঘটেছে সকাল ১০.২০ নাগাদ। পুলিশ ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কিন্তু কেন তার মেয়েকে খুন করল বাবা? মেয়ের প্রতি বাবার বিদ্বেষের একটা কারণ জানা গিয়েছে যে, মেয়ের রিল তৈরির আসক্তির প্রতি আসক্তি ছিল আর সেটা বাবার কাছে ছিল প্রবল বিরক্তির কারণ। সেই বিদ্বেষ থেকেই মেয়েকে খুন করেছে কি না ওই ব্যক্তি, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, “২৫ বছর বয়সি এক তরুণী গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে, এই তথ্য আমরা হাসপাতাল থেকে পেয়েছি। তার শরীরে তিনটি গুলি লেগেছে। আমরা ইতিমধ্যেই ওই তরুণীর কাকার সঙ্গে দেখা করেছি। তিনি সেরকম কিছু বলেননি। এরপর আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি মেয়েকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বাবা।”
রাধিকার জন্ম ২০০০-এর ২৩ মার্চ। পুলিশ রাধিকার বাবার পিস্তলটি বাজেয়াপ্ত করেছে। গোটা বিষয়টি এখন তদন্তাধীন।







