চলতি আইএসএলের মঞ্চে প্রথম হ্যাটট্রিকের মলিক জেমি ম্যাকলরেন(Jamie Maclaren)। ওড়িশার বিরুদ্ধে কার্যত তাঁর পা থেকে গোলের বন্যা দেখা গেল। সেইসঙ্গেই এবারের আইএসএলের শুরু থেকে যে তুলনাটা শুরু হয়েছিল তার ব্যবধানটাও যেন অনেকটা বাড়িয়ে দিলেন খোদ ম্যাকলরেন। চির প্রতিদ্বন্দ্বী ক্লাবের ইউসেফের(Yusseff Ezzejjari) সঙ্গে এবার শুরু থেকেই ম্যাকলরেনের গোল সংখ্যা নিয়ে তর্জাটা শুরু হয়েছিল। প্রতিযোগিতায় সেই ইউসেফকেই এবার কয়েক যোজন পিছনে ফেলে দিলেন জেমি ম্যাকলরেন(Jamie Maclaren)। ওড়িশা এফসির বিরুদ্ধে একাই করলেন চার গোল। সেইসঙ্গে প্রথম হ্যাটট্রিকও তাঁর। চার ম্যাচে সাত গোল করে ইস্টবেঙ্গলের ইউসেফকে অনেকটাই দূরে ঠেলে দিলেন তিনি। আর ম্যাচ শেষে সতীর্থের এই পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত দিমিত্রি পেত্রাতস। এটাই প্রথম নয়, ম্যাকলরেনের এমন বহু কীর্তিই রয়েছে, মাঠ ছাড়ার আগে জানিয়ে গেলেন দিমি(Dimitri Petratos)।
মাঠ ছাড়ার আগে দিমিত্রি পেত্রাতস ম্যাকলরেনকে নিয়ে বলেন, “এটাই প্রথমবার তাঁর এক ম্যাচে এতগুলো গোল নয়। এর আগেও তিনি এই কাজ বহুবার করেছেন। তিনি গোল করতে ভালোবাসেন। ম্যাকলরেনের এই সাফল্যে আমি সত্যিই খুব খুশি। আর তাঁর গোল যে দলকেই সাহায্য করছে”।
এদিন ১৪ মিনিট থেকে ঝড়টা শুরু করেছিলেন জেমি ম্যাকলরেন। সেটাই শেষ হয় ম্যাচের ৮৮ মিনিটে। এবার লিগের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে রয়ছেন মোহনবাগানের এই তারকা ফুটবলার। সামনে এখনও অনেক ম্যাচ। এবার ম্যাকলরেনের পা থেকে আরও কী কী জাদু দেখা যায় সেটাই দেখার অপেক্ষায় সকলে।







